পেলের রেকর্ড স্পর্শ করলেন মেসি

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছুঁয়ে ফেললেন ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়া মেসি। এর জন্য পেলের কাছ থেকে অভিনন্দন পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে পেলে ও মেসির।

শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে ফুটবল কিংবদন্তি পেলের পাশে বসলেন লিওনেল মেসি।

ব্রাজিলের কিংবদন্তি ৩টি বিশ্বকাপ জেতা পেলে ক্লাব সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩ গোল করেছিলেন। বার্সেলোনার হয়ে ১৭ মৌসুমেই তার রেকর্ড স্পর্শ করলেন মেসি। গতকাল শনিবার কাম্প ন্যুতে ভালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও হাতছাড়া হচ্ছিল। গোলকিপার ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন মেসির শট। কিন্তু ফিরতি বলে জর্দি আলবার ক্রস থেকে আবার সুযোগ আসে। এবার হেডে ঠিকই জাল খুঁজে নেন রেকর্ড ৬ বারের বর্ষসেরা ফুটবলার মেসি।

এরপর নিজের ইনস্টাগ্রাম পেইজে মেসিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন পেলে।

পেলে লিখেন, ‘যখন কোনকিছুর প্রতি ভালোবাসা হৃদয়কে পরিপূর্ণ করে তোলে, তখন তা এড়ানো বা সে পথ পরিবর্তন করা সত্যিই কঠিন। যেখানে নিজ বাড়ির মত অনুভুতি পাওয়া যায় সে জায়গার চেয়ে আপন আর কিছুই হতে পারে না।’ তার আর মেসির মত দীর্ঘদিন ভালোবেসে একই ক্লাবের হয়ে খেলার মত এমন উদাহরণ খুব কমই আছে ফুটবলে। আর এর জন্য মেসিকে সম্মান ও শ্রদ্ধা জানান পেলে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর