কক্সবাজারের ইনানী দরিয়া নগর পাহাড়ে নিখোঁজ চার যুবক কে উদ্ধার করেছে বিমানবাহিনী। তবে তাদের উদ্ধার করতে গিয়ে ইব্রাহীম (১৮) নামের স্থানীয় এক কিশোরের মেরুদন্ড ভেঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সদর ইউনিয়নের বড়ছড়ার আবুর ছেলে।
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা বিমান ঘাঁটির ভারপ্রাপ্ত অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মামুন।
উদ্ধারকৃত চার যুবক হলেন, মিজবাহ উদ্দীন, রাফসান, অধিক পাল, আবির সাহা। এরা সবাই কক্সবাজার শহরের বাসিন্দা।
বিমানবাহিনীর ক্যাপ্টেন মামুন জানান, শনিবার সকালে চার যুবক দরিয়া নগর পাহাড় থেকে ইনানী পাহাড়ের দিকে ট্র্যাকিং শুরু করে। এক পর্যায়ে তারা পথ হারিয়ে ফেলে। বিকেলে জাতীয় সেবা সংস্থা ৯৯৯ এ ফোন করে সাহায্য কামনা করে। পরে ৯৯৯ এর ফোন পেয়ে চট্টগ্রাম বিমান ঘাটি থেকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার কক্সবাজার বিমান ঘাটি হয়ে তাদের মোবাইল ফোনের নেটওয়ার্ক ট্র্যাকিং এর মাধ্যমে দরিয়ানগর পাহাড়ে উদ্ধার করতে আসে। এসময় উদ্ধারকারী দলকে তারা জামা উড়িয়ে সংকেত দেয়। সংকেত দেখে উদ্ধারকারী হেলিকপ্টার চার যুবককে নিয়ে কক্সবাজার বিমান বন্দরে অবতরন করে।
অপর দিকে জানাগেছে, দিনের বেলায় তারা চারজন পাহাড়ে পথ ভূলে গেছে বলে সাহায্য কামনা করে ফোন করে স্থানীয় ইব্রাহীম নামের এক কিশোরকে। ফোন পেয়ে ইব্রাহীমসহ স্থানীয় কয়েকজন বিমান বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার পৌছানোর আগেই তাদের কাছে পৌছে। এসময় পা পিছলে পড়ে গিয়ে ইব্রাহীমের মেরুদন্ড ভেঙ্গে গেছে। পরে ইব্রাহীমের সাথে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে এনে ভর্তি করে।
বার্তাবাজার/এসজে