দেশের উত্তরাঞ্চলে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যহত থাকতে পারে আরও কিছুদিন। এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও তাপমাত্রা আরও কমতে পারে।
শনিবার ২৪ ঘন্টার আবহাওয়ার খবরে বলা হয়, একদিনে রাজধানী শীতল হয়েছে তিন ডিগ্রি। এদিন ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দেশের প্রধান শহরটিতে। এই তাপমাত্রা আরও কমতে পারে। আগামী অন্তত দু’দিন চলতে পারে এই অবস্থা। তারপর আবারও বাড়তে পারে তাপমাত্রা।
আন্তর্জাতিক আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা ওয়েদার ফোরকাস্ট জানায়, রোববার (২০ ডিসেম্বর) ভোরে ঢাকার তাপমাত্রা কমে দাঁড়াতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যা থেকেই কমা শুরু করবে তাপমাত্রা।
২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য সকল এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
উল্লেখ্য দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০১৮ সালের ৮ জানুয়ারি। পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। সেদিন রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
বার্তাবাজার/এসজে