জয়পুরহাটে রেল দূর্ঘটনার তদন্তে ৪ সদস্যের কমিটি

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেন-বাসের সংঘর্ষের ঘটনা তদন্তে ৪ সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার পাকশী বিভাগ রেলওয়ের পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিনকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী লোকো আশিক কুমার মণ্ডল, পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ মো. আব্দুর রহিম ও পাকশী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা শাকিল আহমেদ।

আগামী ৩ কার্য দিবসের মাঝে তারা তদন্ত করে এই দুর্ঘটনা সম্পর্কে প্রতিবেদন জমা দিবেন।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষে বাসের ১২ যাত্রী নিহত হন। আহত হন ৬ যাত্রী। সদরের পুরানাপৈল রেলগেটে গেট না নামানো কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রেলওয়ের জিআরপি পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। স্থানীয় পুলিশ, প্রশাসন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এ মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা,পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহসহ রেল‌ওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর