সোমালিয়ার অন্যতম শহর গালকায়োর একটি স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জনের প্রাণহানি হয়েছে। দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মাদ হুসেন রোবেল সেখানে আসার অল্প কিছু সময় পূর্বে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে নগর পুলিশের কর্মকর্তা আলী হাসান জানান, স্টেডিয়ামের প্রবেশ পথে ঘটা এই বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন। নিহতদের মাঝে কিছু সেনা কর্মকর্তাও আছেন। হামলার দায় স্বীকার করেছেন দেশটির বিদ্রোহী সংগঠন আল শাবাব।
সোমালিয়ার এই সন্ত্রাসী সংগঠনটি আল কায়েদার সাথে জড়িত। তারা আগেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে। বহু বছর আগে তারা মোগাদিসু থেকে বিতাড়িত হলেও প্রায়ই হামলার ঘটনা ঘটায়।
২০১৭ সালে মোগাদিসুতে একটি ট্রাক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল তারা। এতে মারা গিয়েছিল পাঁচ শতাধিক মানুষ। গত বছরও শহরটিতে একটি ট্রাক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা ৭৩ জনকে হত্যা করে।
বার্তাবাজার/এসজে