রাজশাহীর বাগমারায় বিয়ের আসরে উপহার সামগ্রী নিয়ে বিরোধের জেরে নববধূকে তালাকের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার তেলিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলির সাথে একই উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের দেনমোহর ছিল এক লক্ষ টাকা। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে বরের বাড়িতে যাওয়ার ঠিক আগমুহুর্তে ঘটে অঘটন। উপহারের বিভিন্ন সামগ্রী বন্টন নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় উভয় পক্ষ।
স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে গভীর রাত পর্যন্ত এ বিষয়ে শালিস চললেও পরে তার গড়ায় থানা পুলিশ পর্যন্ত। কোনো সমাধান না হওয়ায় উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিচ্ছেদ হয়ে যায় বিয়ের।
বিষয়টি নিশ্চিত করে নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী জানান, একই আসরে বর কনে উভয় পক্ষের মনোমালিন্যের কারণে বিয়ে বিচ্ছেদ হয়েছে।
কনে পক্ষ অভিযোগ করে বলেন, বরপক্ষ যেসব উপহার সামগ্রী নিয়ে আসার কথা ছিল তা আনেনি। এইজন্য এলাকাবাসীও বরপক্ষের উপর ক্ষিপ্ত।
অভিযোগ অস্বীকার করে বরযাত্রী ও স্থানীয় ইউপি সদস্য আজাহার আলী জানান, উভয় পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া। এমন ঘটনা কাম্য নয়।
বাগমারা থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, বিষয়টি তারা শুনেছেন। উভয় পক্ষের সমঝোতার মাধ্যমেই ছাড়াছাড়ি হয়েছে।
বার্তাবাজার/এসজে