আ’লীগের প্রার্থী মনোনয়নে তৃণমূলের রায় উপেক্ষিত

দ্বিতীয় মেয়াদে আসন্ন ৬১ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার কেন্দ্রীয় আওয়ামী লীগ এর প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন ফরহাদ হোসেন ধলু সওদাগর।

এ মনোনয়নে খুশি নয় পৌর আওয়ামী লীগ। তাই মনে কষ্টে নিয়ে শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তারা এক জরুরী সভা করেছে।

এতে পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন ও সম্পাদক আব্দুল হাই ভুট্টুর ডাকে মিলিত হন পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ড নেতৃবৃন্দ। সেখানে তাদের সিদ্ধান্ত কেন্দ্রে উপেক্ষিত হওয়ায় তারা দুঃখ প্রকাশ করেন।

তারা বলেন, যদি তাদের সিদ্ধান্তের কোন মুল্যই না থাকে তাহলে তৃণমুলের রায় নেয়ার দরকার কি? একেবারেই কেন্দ্র থেকে মনোনয়ন দিলেই হত। আমরা তো মাঠের জনপ্রিয়তার উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করেছিলাম। তাহলে এ ক্ষেত্রে আমাদের কোন মুল্যায়ন থাকল না। তাছাড়া আমাদের বাছাই করা প্রার্থী গত পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন।

পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল হাই জানান, কেন্দ্রে আমাদের সিদ্ধান্ত উপেক্ষিত হওয়ায় আমরা আহত হয়েছি। তাই নেতা-কর্মীদের নিয়ে একটি জরুরী বৈঠকের আয়োজন করেছি।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নাগেশ্বরী মহিলা কলেজ সেমিনার কক্ষে প্রার্থী বাছাইয়ে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু পেয়েছেন ৪৬ ভোট। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ ব্যাপারী ১২, পৌর আওয়াম লীগ সভাপতি আবুল হোসেন ৩, ফরহাদ হোসেন ধলু ৩ ও যুবলীগ সভাপতি এসএম রওশন আলম পান ২ ভোট।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর