শরীয়তপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে একটি মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সখিপুর থানার চরভাগা বঙ্গবন্ধু স্কুলের রাস্তার পাশে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সন্তানটির বাবা-মায়ের পরিচয় এখনও পাওয়া যায়নি।

চরভাগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য কাউসার বকাউল বলেন, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু স্কুলের পাশে রক্ষা বেপারীর বাড়ির সামনের রাস্তার নবজাতকটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

তিনি জানান, শিশুটিকে দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। কিন্ত ঠান্ডা আবহাওয়ায় কাঁপছিল শিশুটি। এমন অবস্থায় গ্রামের আমান উল্লাহ সরদারের মেয়ে আমেনা সরদার শিশুটিকে কোলে তুলে নেন। পরবর্তীতে পার্শ্ববর্তী রামভদ্রপুর ইউনিয়নের মুজিবুর মাদবরের স্ত্রী আছিয়া লালন পালন করার জন্য নিয়ে যান।

আছিয়া বেগম জানান, আমার ৪টি ছেলে আছে। কোনো মেয়ে সন্তান নেই। শিশুটিকে নিজের মেয়ের মত করে লালন করব। এখন থেকে আমিই ওর মা।

এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ বলেন, নবজাতকটি স্বম্ভবত আজই ভূমিষ্ট হয়েছে। তার শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এবিএম রশিদুল বারী জানান, নবজাতকটিকে কেউ রাস্তার পাশে ফেলে রেখে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সেখান থেকে নবজাতকটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন,শিশুটির শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন ও সি তাই শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যেহেতু নবজাতকটির কোনো অভিভাবক নেই। তাই সমাজসেবা অফিসের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর