বিজ্ঞান, মানবিক ও ব্যাবসায় শিক্ষা বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীদের গুচ্ছ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নিবে দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই ১০০ নম্বরের পরীক্ষা হবে বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে।
জানা যায়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভাষা ( ২০ নম্বরের মাঝে ১০ বাংলায় ও ১০ ইংরেজিতে), পদার্থ (২০ নম্বর), রসায়ন (২০ নম্বর) ও আইসিটি, জীববিজ্ঞান এবং গণিত বিষয়ে পরীক্ষা দিবে। এর মধ্যে আইসিটি, গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যেকোনো দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। যার প্রতিটির নম্বর হবে ২০ করে।
মানবিক বিভাগের শিক্ষার্থীরা বাংলায় ৪০, ইংরেজিতে ৩৫ এবং আইসিটিতে ২৫ নম্বরের পরীক্ষা দিবে।
তাছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান (২৫ নম্বর), ব্যবস্থাপনা (২৫ নম্বর), ভাষা (২৫ নম্বরের মধ্যে বাংলায় ১৩ ও ইংরেজিতে ১২ নম্বর) এবং আইসিটি (২৫ নম্বর) বিষয়ে পরীক্ষার মুখোমুখি হবে।
শনিবার ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের এক সভায় এইসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, করোনা পরিস্থিতির ওপর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণার সময় নির্ভর করছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনদিনে নেওয়া হবে তিনটি পরীক্ষা। সব বিশ্ববিদ্যালয়েই পরীক্ষা কেন্দ্র থাকবে। সুবিধামত শিক্ষার্থীরা তাদের ভেন্যু পছন্দ করে নিতে পারবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পুরো কার্যক্রমের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মিজানুর রহমান জানান, ২০১৯ ২২০২০ সালে যারা এইচএসসি সমমান পাশ করবে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
তিনি আরও জানান, মানবিক বিভাগে পাশকৃতরা এইচএসসি ও এসএসসি মিলিয়ে জিপিএ ৬ পেলে এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। বিজ্ঞানের শিক্ষার্থীদের জিপিএ থাকতে হবে ৬.৫ আর বিজ্ঞান বিভাগের জন্য নূন্যতম জিপিএ ৭ থাকতে হবে। এর কম হলে কোনো ভাবেই তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।
১৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।