ঢাকা মহানগরীতে থাকা ভাস্কর্যগুলোর যাতে কেউ ক্ষতি সাধন করেত না পারে তার জন্য সতর্ক দৃষ্টি রাখতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। একইসাথে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে যতগুলো ভাস্কর্য আছে সেগুলো যাতে কেউ বিনষ্ট করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে সাদা পোশাকে নিরাপত্তা ও সিসিটিভির ব্যবস্থা করার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, বিশ্বজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ সময় যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। আমাদের সামনে বড় দুটি উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট। এ উৎসব উপলক্ষে সবাইকে সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
সভায় ডিএমপির একাধিক অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে