হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন

ঢাকার সাভারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের উদ্বোধক ডা. সায়েমুল হুদা জানান, হাম- রুবেলা টিকাদান কর্মসূচি আজ ১৯ ডিসেম্বর, ২০২০ থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত চলবে। সারা দেশে মোট ৩৬৪টি ক্যাম্পেইনে এই টিকাদান কর্মসূচির আওতায় ৭ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর বয়সের সকল শিশুদের এই টিলা প্রদান করা হবে।

এসময় ডা. সায়েমুল হুদা আরও জানান, গ্রেড উন্নীতকরণের দাবীতে যারা আন্দোলন করে আসছিলেন, তারা তাদের আন্দোলন থেকে ফিরে এসেছেন এবং তাদেরকে নিয়েই সারাদেশে আমরা এই টিকাদান কর্মসূচি সফল করবো ইনশাআল্লাহ।

টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনকালে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. নুসরাত জাহান সাথী, এম ও ডি সি ডা. ফেরদৌসী আক্তার সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও স্টাফগণ।

সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শিশুদের নিয়ে তাদের অভিভাবকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তাদের শিশুদেরকে টিকা প্রদান করান।

উল্লেখ্য, এই ক্যাম্পেইন ১৯ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জানুয়ারী ২০২১ পর্যন্ত চলবে। ৭ মাস বয়স থেকে শুরু করে ১০ বছর বয়সী সকল শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় আসবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর