নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোয়াখেরুল ইসলাম লিটন (৪৫) নামে এক ঠিকাদারকে বেধড়ক পিটিয়েছেন শেরকোল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড আ’লীগের সম্পাদক, ইউপি সদস্য বুলেট আলী ও তার লোকজন।
বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার খরমকুড়ি গ্রামের একটি মুটি দোকানে এ মারধরের ঘটনা ঘটে। আহত লিটন উপজেলার খরমকুড়ির বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামের ছেলে ও নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর একজন ঠিকাদার। পরে রাত ১২টায় আহত অবস্থায় ওই ঠিকাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে থানা পুলিশ।
সূত্রে জানা যায়, ঠিকাদার লিটনের কাছে অবৈধভাবে একটি বাড়ির বৈদ্যুতিক লাইনের কাজ দাবি করেন ইউপি সদস্য বুলেট আলী। ঠিকাদার লিটন সে কাজে অস্বীকৃতি জানালে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর শুরু করেন ইউপি সদস্য ও তার লোকজন। এ ঘটনার ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আহত ঠিকাদারকে হাসপাতালে যেতে দেয়া হয়নি বলে অভিযোগ করে তার পরিবার। শুক্রবার দুপুরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ নম্বর কেবিনে কাতরাতে দেখা যায়। আহত ঠিকাদারের চাচা মহাতাব হোসেন বাবু বলেন, ঘটনার পর থেকেই পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় রয়েছেন। এ বিষয়ে তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত ইউপি সদস্য বুলেট আলী বলেন, গ্রামের লোকজনের সঙ্গে ঠিকাদার লিটনের বিরোধ রয়েছে। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে মারধর করেছে। সিংড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, আহত ব্যক্তির বাম হাতের আঙ্গুল, চোখের নিচে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার সার্বিক চিকিৎসা চলছে।
সিংড়া থানার ওসি নুর-ই-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়ে আহত লিটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/পি