১৬ জানুয়ারি অনুষ্ঠেয় মাগুরা পৌরসভা নির্বাচনে আবারও দলীয় মনোনয়ন পেলেন আওয়ামীলীগ প্রার্থি খুরশিদ হায়দার টুটুল এবং বিএনপি প্রার্থি ইকবাল আকতার খান কাফুর।
শুক্রবার (১৮ ডিসেম্বর) মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু এবং মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ নিজ নিজ দলের মেয়র প্রার্থীর নাম নিশ্চিত করেন।
২০১৬ সনের ৩০ ডিসেম্বর সর্বশেষ অনুষ্ঠিত মাগুরা পৌরসভা নির্বাচনে মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল ১২ হাজার ৪৫৯ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থি ইকবাল আকতার খান কাফুরকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে খুরশিদ হায়দার টুটুল নৌকা প্রতিকে নির্বাচন করে ২৭ হাজার ৯০৮ ভোট পান। অন্যদিকে বিএনপি নেতা ইকবাল আকতার খান কাফুর ধানের শীষে পান ১৫ হাজার ৪৪৯ ভোট।
ঘোষিত তফসিল অনুযায়ী মাগুরা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়ন পত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী জোর লবিং চালিয়ে আসছিলেন। জনমনে অনেককে নিয়েই ছিল মনোনয়নের গুঞ্জন। সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে প্রধান দুটি দল থেকে শুক্রবার ঘোষণা করা হলো চূড়ান্ত মনোনয়ন।
বার্তাবাজার/পি