রংপুর নগরীর বেসরকারি প্রাইম মেডিকেল কলেজের শেষ বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধারকৃত ওই মেডিকেল ছাত্রের নাম শহিদুল ইসলাম ওলি।
নিহত ওলি কুড়িগ্রাম সদর উপজেলার আব্দুল হকের ছেলে।
এ বিষয়ে ওলি এখানে থাকতো সেই ছাত্রাবাসের গার্ড রফিকুল ইসলাম মণ্ডল জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে শিক্ষার্থীরা চিৎকার করে বলতে থাকে ওলি গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে উদ্ধার করে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানান, করোনার কারনে অনেকদিন বাড়িতেই ছিল ওলি। ঘটনার দিনই সে বাড়ি থেকে ফিরে। কিন্তু রাতে হঠাৎ সে কক্ষের দরজা বন্ধ করে দিলে আশেপাশের সবার সন্দেহ হয়। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন সিলিং ফ্যানের সাথে ওলির নিথর দেহ ঝুলে আছে।
ওই ছাত্রাবাসের কর্ণধার শাহাদৎ হোসেন জানান, ছাত্রাবাসে প্রতিটি সদস্যের নিরাপত্তার জন্য সিসিটিভির ব্যবস্থা করা আছে। প্রয়জনে ওই সিসিটিভির ফুটেজ দেখে জানা যাবে কি হয়েছিল তখন। ওলির পরিবারের লোকজন এসে মরদেহ নিয়ে গেছেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবে।
বার্তাবাজার/এসজে