জামালপুরের সরিষাবাড়ীতে ‘নদী ভাঙলে জমি খাস’ এ আইন বাতিলের দাবিতে ও দেশের চরাঞ্চলগুলোর নদী শিকস্তি এলাকার মানুষের পৈতৃক জমির প্রজাস্বত্ব হরণকারী আইন বাতিল এবং নদী ড্রেজিংয়ের নামে চরাঞ্চলের কায়েমি জমি কেটে নদী খনন ও শাসনের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন করেছে ‘বাংলাদেশ কৃষক সমিতি’ ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটি।
শুক্রবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ পাড়ে এ মানববন্ধন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নদী ভাঙ্গলে জমি খাস, আইন বাতিল সংগ্রাম কমিটির আহবায়ক ও নাটুয়ার পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, মনসুর নগর ইউনিয়নের আহবায়ক গোলজার হোসেন মাষ্টার, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান।
বক্তারা বলেন, স্বাধীন দেশে ১৯৭২ সালের পি.ও ১৩৫/৭২ আইন জারি করে কৃষকদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিকে ভাঙা-গড়ায় নদীর পাড় ও চরাঞ্চলের কৃষকরা প্রতিনিয়ত সর্বস্বান্ত হয়ে পড়েছেন। শুধু তাই নয়, চরাঞ্চলবাসীর বিভিন্ন ধরনের রবি ফসল উৎপাদন থেকেও বঞ্চিত হতে হয়। তার মধ্যে শুরু হয়েছে নদী ড্রেজিং নামে কৃষকদের রেকর্ডকৃত কায়েমি ও ফসলি জমি খনন।
বার্তাবাজার/এ.আর