ঐক্যবদ্ধ হয়ে একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে: ফখরুল

গণতন্ত্রহীন এই সরকারের দুঃশাসন মোকাবিলার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলকেে একত্রিত হয়ে একদলীয় শাসনের ব্যবস্থার অবসান ঘটানোর কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের আস্থার বাইরে চলে গেছে। এই সরকারের একমাত্র ভরসা হলো বিরোধী দল বিহীন একদলীয় শাসন। আর তাই তারা দেশ থেকে বিরোধী দল উচ্ছেদ করার জন্য লাগামহীনভাবে ব্যবহার করছে সন্ত্রাসী বাহিনী এবং সরকারী যন্ত্র।

ফখরুল আরো বলেন, এই দেশে এখন আর গণতন্ত্র নেই। নেই সুষ্ট নির্বাচন। বেড়ে চলছে দুর্বৃত্তদের দৌরাত্ম্য। স্থানীয় ক্ষমতা বিনা ভোটে টিকিয়ে রাখার জন্য বিরোধী প্রার্থীদের ওপর চালানো হচ্ছে নির্যাতন-নিপীড়ন। জনগণের কাছে জবাবদিহিতা থাকলে বিরোধী প্রার্থীদের ওপর এমন অত্যাচার চালাতে পারতো না।

তিনি আরো বলেন, সরকার জনমনে আতঙ্ক সৃষ্টি করছে, যাতে ভোটাররা নির্বাচন ভুলে যায়। আবার ভোট নিয়ে হুমকি ধুমকি প্রদান করে জনগণকে ভোট থেকে দূরে সরিয়ে রাখে। আর এটারই ধারাবাহিকতা হিসেবে কুমিল্লার লাকসামে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সশস্ত্র তাণ্ডব চালানো হচ্ছে। এতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী বেলাল রহমান মজুমদার,পৌর শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, বিএনপি নেতা শাহ আলম,কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক সহ আরো অনেকের ওপরে আওয়ামী সন্ত্রাসীদের নিষ্ঠুর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান দূরের কথা, বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বিনা ভোটে নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে চায় তারা।

বিএনপি মহাসচিব বলেন, আমি অতি শীঘ্রই লাকসামে বিএনপির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।

 

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর