তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িতে দিতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে কুড়িগ্রাম সদরের ঘোগাদহে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব।
উৎসবে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র -সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২); আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা (১৯৭৩); নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল (১৯৭৪); হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি (১৯৯৫); তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতী (১৯৯৬) ও জীবনঢুলী (২০১৪); চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ (২০০৪); তৌকির আহমেদের জয়যাত্রা (২০০৫); নাসির উদ্দীন ইউসুফের গেরিলা (২০১১) এবং রুবাইয়াত হোসেনের মেহেরজান (২০১১) প্রদর্শিত হচ্ছে।
১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবসে সন্ধ্যা ৬ টায় সামাজিক সংগঠন ছায়া-র আয়োজনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. নজরুল ইসলাম।
ঘোগাদহ কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব মো. শাহ আলম মিয়া।
ছায়া-র সাংগঠনিক সম্পাদক জনাব সাঈদ স্যামের সঞ্চালনা ও ছায়া-র উপদেষ্টা জনাব মো. মমিনুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ছায়া-র চেয়াপারসন জনাব রাইহান কবির রনো, বিশিষ্ট সমাজ সেবক জনাব শেখ সাজ্জাদ হোসেন মুন্না, যুবলীগ নেতা জনাব মো. আমিনুল ইসলাম, জনাব মো. আব্দুর রাজ্জাক, জনাব মো. ওয়াজেদ আলী, জনাব মো. মমিনুল ইসলাম প্রমূখ।
বক্তারা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িতে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয়েছে। নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল ও তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতী।
বিনামূল্যের এ চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।
বার্তাবাজার/পি