প্রথম ধাপে ৩২৯টি পৌরসভার মধ্যে ২৫টিতে নির্বাচন হবে আগামী ২৮ ডিসেম্বর। এ নির্বাচনে মেয়র,কাউন্সিলররা স্বপদে থেকেও নির্বাচন করতে পারবেন। তবে এছাড়া আর কোনো স্থানীয় সরকার পরিষদের সদস্যগণ নিজ পদে থেকে পৌরসভা নির্বাচন করতে পারবেন না।
যদি কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক পৌরসভা নির্বাচনে অংশ নিতে চায় তবে তিনি উক্ত পদে থেকে নির্বাচন করতে পারবেন কিন্তু কোন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক যদি নির্বাচনে অংশ গ্রহণ করতে চায় তবে তাকে স্বীয় পদ থেকে ইস্তফা নিতে হবে।
নির্বাচন কমিশন (ইসি) জারিকৃত পরিপত্র-৬ থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ১৯(১) ও ১৯(২) এ যথাক্রমে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে উল্লেখ রয়েছে।
জারি করা পরিপত্র-৬ এ বলা হয়েছে যে, যদি কোন প্রার্থী ফৌজদারি বা নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী হয়ে অন্যূন ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হয় এবং ওই দণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে এবং আপিল আদালত নিম্ন আদালতের রায় বা সাজা স্থগিত না করলে সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচনে অযোগ্য হবেন।
ইতোমধ্যে যারা পৌরসভার চেয়ারম্যান বা মেয়র পদে নির্বাচিত হয়েছিল তাদের ভোটারের সাক্ষরয়ুক্ত তালিকা মনোনয়নের সাথে জমা দেয়ার প্রয়োজন হবে না। কিন্তু নতুন স্বতন্ত্র প্রার্থীদেরকে ১০০ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা জমা দিতে হবে।
যদি কোনো ঠিকাদারের চলমান প্রকল্প থাকে তবে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। কিন্তু আগে ঠিকাদার ছিলেন এখন কাজ করেন না এমন হলে তিনি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক যদি নির্বাচনে অংশ গ্রহণ করতে স্বীয় পদ থেকে ইস্তফা নেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইস্তফা গ্রহণ করেছে –এমন প্রমাণাদির কাগজপত্রও দাখিল করতে হবে।
এছাড়া কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে ইস্তফা দিলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা গ্রহণ করলে নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন। পেনশনভুক্তরা নির্বাচনে যোগ্য হবেন। তবে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিলে তিন বছর অপেক্ষা করার প্রয়োজন হবে না। পিআরএল চাকরির অংশ নয় বিধায় পিআরএল-এ থাকলে নির্বাচনে যোগ্য হবেন বলেও পরিপত্রে উল্লেখ রয়েছে।
প্রথম ধাপে মানিকগঞ্জ কুয়াকাটা, উজিরপুর, বাকেরগঞ্জ, মদন, ধামরাই, শ্রীপুর, দিরাই, বড়লেখা,পঞ্চগড়, পীরগঞ্জ, ফুলবাড়ী, বদরগঞ্জ, কুড়িগ্রাম, পুঠিয়া, কাটাখালী, শাহজাদপুর, চাটমোহর, খোকসা, চুয়াডাঙ্গা, চালনা, বেতাগী, শায়েস্তাগঞ্জ ও সীতাকুণ্ড- এই ২৫টি পৌরসভায় ভোটগ্রহণ হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম