অভিবাসী কর্মীরা কোথাও যেন হয়রানি না হয় : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন অভিবাসী কর্মীদের দেশে-বিদেশে কোথাও যেন কোনো ধরনের হয়রানি না হতে হয়।

আজ শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি।

প্রতি বছরের ন্যায় এবারো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃক ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০’ পালিত হওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন,আর্থ-সামাজিক, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে জীবিকার তাগিদে মানুষ পাড়ি জমাচ্ছে দেশ-বিদেশে। বর্তমানে বাংলাদেশের প্রায় এক কোটির অধিক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছেন। তারা তাদের প্রেরিত রেমিট্যান্স দ্বারা দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে বলেও জানান তিনি। একই সাথে তারা তাদের পরিবারসহ সামাজিক জীবনমান উন্নয়নে বিশেষ অবদান রাখছেন।

দক্ষ জনশক্তি তৈরি, বৈদেশিক কর্মসংস্থান, নিরাপদ অভিবাসন, মূল্যবান রেমিটেন্স আহরণ এবং প্রবাসী কর্মীদের কল্যাণসহ অভিবাসন ব্যবস্থাপনার সকল ধরনের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সবশেষে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০’ উপলক্ষে গ্রহণ করা সকল কর্মসূচি যেন সফল ভাবে শেষ হয় সেই আশাবাদ ব্যক্ত করেন মো. আবদুল হামিদ।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর