অর্ধশতাধিক যাত্রী বেঁচে গেলো চালকের দক্ষতায়

চালকদের প্রতিযোগীতামূলক মনোভাব ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো সহ ১০ কারণে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা ঘটছে। লাইসেন্সবিহীন ও অদক্ষ চালকদের জন্যই দুর্ঘটনা বেশি ঘটে। তবে চালকের দক্ষতায় ও বুদ্ধিমত্তায় চাঁদপুরের শাহরাস্তিতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো পদ্মা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস।

আজ (বৃহস্পতিবার) দুপুরে সদর উপজেলার দোয়াভাঙ্গা কালিয়াপাড়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। হঠাৎ করে বাসের ব্রেক ফেল হলে চালক দ্রুততার সঙ্গে বাসটি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং সড়কের পাশে থাকা ইটের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগিয়ে বাসটি নিয়ন্ত্রণ করে।

শাহরাস্তি থানার ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্রাফিক পরিদর্শক কবির জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস নামের বাসটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা কালীয়াপাড়া অতিক্রম করার সময় হঠাৎ করে বাসের ব্রেক ফেল হয়। পরে সড়কের পাশে একটি ইটের দেওয়ালে ধাক্কা লাগিয়ে গাড়িটি থামানোর ব্যবস্থা করেন। এতে করে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ট্রাফিক পরিদর্শক আরো বলেন, ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। মূলত চালকের বুদ্ধিমত্তার কারণে বাসের প্রায় অর্ধশতাধিক যাত্রী বড় ধরণের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। বাসের ব্রেক ফেল হলে চালক দ্রুততার সাথে ফাঁকা যায়গা দেখে সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা দিয়ে গাড়িটি ধামানোর ব্যবস্থা করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর