তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের হেমায়েতপুর এর আর্জেন্টপাড়া, বাগবাড়ি ও ঋষিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে আটতশত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের উপ ব্যবস্থাপক (ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে
পরিচালিত এই অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয় এবং অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার ও পাইপ তুলে জব্দ করা হয়।
এ ব্যাপারে উপ ব্যবস্থাপক (ব্যবস্থাপকের অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ জানান, আজ (বৃহস্পতিবার) সাভারের হেমায়েতপুর এর আর্জেন্টপাড়া, বাগবাড়ি ও ঋষিপাড়া এলাকায় পরিচালিত অভিযানে আটতশত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে একটি অসাধু চক্র তিতাসের বৈধ উচ্চ চাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে দুই ইঞ্চি, দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি পাইপ ব্যবহার করে এই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়েছে। আজকের অভিযানের দ্বারা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপলাইন উচ্ছেদ হয়।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক সুমন দাস, উপ-ব্যবস্থাপক ঈদ্রিস আলীসহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার মডেল থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর