বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়নে বাংলাদেশ-জাপানের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাথে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিক)-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষে স্মারক চুক্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাপান ইন্টারন্যাশনাল ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিক)-এর পক্ষে স্বাক্ষর করেছেন জেবিক-এর ডেপুটি গভর্নর হায়াশি নবুমিৎসু (Hayashi Nobumitsu)। বিদ্যুৎ ও জ্বালানির অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমে অর্থায়নই এই সমঝোতা স্মারক চুক্তির মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। জাইকা সেই ১৯৭৪ সাল থেকেই বাংলাদেশেকে সহযোগিতা করে আসছে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থা, জিআইএস সাব-স্টেশন, চর বা দূর্গম এলাকায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা, স্মার্ট মিটার, ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট, বর্জ্য থেকে বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, সোলার গ্রিড, উচ্চ ক্ষমতার বিতরণ নেটওয়ার্ক প্রভৃতি উপখাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারকে আমরা সকল সময় স্বাগত জানাই। সমঝোতা স্মারক চুক্তির আওতায় এলএনজি এবং গ্যাস ভ্যালু চেইন, নবায়নযোগ্য জ্বালানি, জলবিদ্যুৎ ও জ্বালানি দক্ষতা বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানির সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা, বর্জ্য থেকে বিদ্যুৎ প্রভৃতি খাত ও বিভিন্ন উপখাতে সহযোগিতা ও অর্থায়নের বিষয় রয়েছে।

ভার্চুয়াল সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, জাপানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, পেট্রোবাংলার চেয়ারম্যান এবিএম আব্দুল ফাত্তাহ, বিপিসির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (জেবিক)-এর নিউ এনার্জি এন্ড পাওয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্ট-২-এর মহাপরিচালক তামাকি নাওকি সংযুক্ত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর