কিংবদন্তি ম্যারাডোনার মরদেহ কবর থেকে ওঠানোর দাবি

ঠিক কী পরিমাণ সম্পত্তি রেখে গেছেন ডিয়েগো ম্যারাডোনা, এখন পর্যন্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ১ থেকে ৪ কোটি ডলারের সমপরিমাণ। যার ভাগ চেয়ে নিজেদের ম্যারাডোনার সন্তান বলে দাবি করেছেন ৬ জন। তাদের মামলা আদালতে উঠলে ডিএনএ পরীক্ষার জন্য আর্জেন্টাইন কিংবদন্তির মরদেহ কবর থেকে ওঠানোর প্রসঙ্গ আসে আদালতে।

সেসবকে পাত্তা দেননি আদালত। যেকোনো দাবির ভিত্তিতেই হোক না কেনো, ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তির দেহ সংরক্ষণ ও কবর থেকে না ওঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গত ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে বুয়েন্স আয়ার্সে নিজ বাড়িতে মারা যান আর্জেন্টাইন কিংবদন্তি। একদিন পর তাকে সমাহিত করা হয়। সেদিন থেকেই শুরু সম্পত্তি ভাগের ঝামেলার। ম্যারাডোনার সম্পত্তি ঠিক কত? সেটা জানা না গেলেও প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস বলছে পরিমাণটা ১ থেকে ৪ কোটি ডলারের।

এরমধ্যে রয়েছে জমি, বাড়ি, বিলাসবহুল গাড়ি, গহনা। যেসব দেশে তিনি খেলেছেন বা কোচিং করিয়েছেন বা অন্য কোনভাবে যুক্ত ছিলেন সেই আর্জেন্টিনা, স্পেন, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, মেক্সিকোয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব সম্পত্তি।

এসবের দাবি যারা জানাতে পারেন, তাদের মধ্যে রয়েছেন স্বীকৃত ৫ সন্তান। ৪ জন আর্জেন্টিনায়, ১ জন ইতালিতে। আছেন আরও ৬ জন, যারা নানা সময়ে নিজেদের ম্যারাডোনার সন্তান বলে দাবি করেছেন।

আদালতে ম্যারাডোনার আইনজীবী জানিয়েছেন, ম্যারাডোনার ডিএনএ এরইমধ্যে সংরক্ষিত আছে। যার কারণে তার মরদেহ কবর থেকে তোলার কোনো প্রয়োজন নেই। তার বক্তব্য মেনে কবর খোঁড়ার দাবিকে নাকচ করে দিয়েছেন ন্যাশনাল কোর্ট। সন্তান দাবি করা মাগালি গিলের চাওয়া দ্রুত নিষ্পত্তি ও ম্যারাডোনার ডিএনএ কৌঁসুলির অফিসে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর