আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, পকেটের জন্য নয়: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি বার বার আন্দোলন করে ব্যর্থ হয়ে অসাংবিধানিক পথ খুঁজছে। তিনি আরো বলেন, এখন নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের আর কোনো পথ খোলা নেই।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য পকেটের উন্নয়নের জন্য নয়। বিজয় দিবসে এসেও তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আজও অবমাননা করছে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় মন্ত্রী আরো যোগ করেন, আমরা আমাদের নির্বাচনী ইশতিহারের ওয়াদা রক্ষা করেছি। আজ আমরা শতভাগ বিদ্যুৎ পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছি। গ্যাস সংযোগ দেয়ার ওয়াদা করেছি। গ্যাস সংযোগের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা ইতোমধ্যে গ্যাস সংযোগের বিষয়ে সকল ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছেন বলেও জানান তিনি।

আজ সকালে নোয়াখালীর কবিরহাট পৌর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা এবং শীতবস্ত্র বিতরণসহ ৫৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কবিরহাট উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য রাখেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনসহ প্রমুখ।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর