অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ

বিদেশে অর্থপাচারের সাথে যারা জড়িত তাদের সকলের নাম পরিচয়সহ সকল তথ্য চেয়ে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত প্রতিবেদন আকারে দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ।

আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছে।

এদিন সকালে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বলেন, সরকারি একটি সংস্থার প্রতিবেদন এরই মধ্যে জমা হয়ে গেছে। বাকিগুলো জমা দেওয়ার কাজ শেষ পর্যায়ে। কিছুক্ষণের মধ্যে জমা হয়ে যাবে।

দুদকের আইনজীবী জানান, তাদের প্রতিবেদনও কিছুক্ষণের মধ্যে জমা দেয়া হবে।

গত ২২ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারে এবং বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এক আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চেয়েছেন। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

 

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর