রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরের বিভিন্ন অংশ থেকে লুকানো ১৩০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের কমিশনার জানতে পারেন দুবাই থেকে ইকে-৫৮৪ নং ফ্লাইটে আসা এক যাত্রীর সাথে চোরাই স্বর্ণের বার আছে। সেই মোতাবেক কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের কর্মকর্তাগণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী চালায়। অবশেষে ওই যাত্রীকে আটক করে তার শরীর তল্লাশি চালিয়ে ১৩০টি সোনার বার উদ্ধার করা হয়।
আটককৃত যাত্রীর নাম লুৎফর রহমান মুন্সী (৫৩)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
কাস্টমস কর্মকর্তাগণ জানান, জব্দকৃত ১৩০টি সোনার বারের ওজন প্রায় ১৫ কেজি। এগুলোর বাজারমূল্য প্রায় ১০ কোটি ৫০ লক্ষ টাকা। ওই ব্যাক্তির বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বার্তাবাজার/এসজে