তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করাই এবারের বিজয় দিবসের প্রত্যয়।’
আজ বুধবার বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলের নেতাদের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় তাকে হত্যা করার কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে না পারলেও আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ পথে এগিয়ে চলছেন। এটি বাংলাদেশের বড় একটি সার্থকতা বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বিজয়ের ৪৯ বছর পরও আজ স্বাধীনতাবিরোধী অপশক্তি মাঝে মধ্যে আস্ফালন করে এবং এর অন্যতম কারণ হচ্ছে, খালেদা জিয়ার নেতৃত্বাধীন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি।’
তিনি আরো যোগ করেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যারা পাকিস্তানের পক্ষে লড়াই করেছিল, দলগতভাবে সেই জামায়াতে ইসলামীকে বিএনপি তাদের সঙ্গী করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের সাথে নিয়ে বিএনপি রাজনীতি করে আর সবসময় স্বপ্ন দেখে এদেশকে কীভাবে আবার পাকিস্তান-তালেবানি রাষ্ট্র বানানো যায়। এই ষড়যন্ত্র রুখতে বিজয়ের এই দিনে আমাদের প্রত্যয়, বাংলাদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নির্মূল করা।’
বার্তাবাজার/ই.এইচ.এম