ফাইজারের পর এবার যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্নার টিকা

মহামারি করোনা ভাইরাসের টিকা হিসেবে ফাইজারের পর এবার অনুমোদন পাচ্ছে মডার্নার কোভিড ভ্যাকসিন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার টিকার অনুমোদন দিয়েছিল যুক্তরাজ্য।

এবার মডার্নার টিকার অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটিতে এরইমধ্যে ফাইজার টিকারও ব্যবহার শুরু হয়েছে। এখন দ্বিতীয় টিকা হিসেবে শিগগিরই মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, মডার্নার টিকা নিরাপদ। এ টিকা নিয়ে এফডিএ-র ৫৪ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষায় এটি ৯৪.১ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

এফডিএ-এর এমন মতামতের ফলে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এফডিএ বলছে, ১৮ বছরের বেশি বয়সীদের ওপর মডার্নার টিকা নিয়ে কোনও নিরাপত্তা উদ্বেগ নেই। এর গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

এ সপ্তাহের শেষদিকে এফডিএ-র টিকাবিষয়ক প্রধান যদি মডার্নার ভ্যাকসিনটি অনুমোদন দেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রজুড়ে এর সরবরাহ শুরু হবে। মডার্না বলেছে, অনুমোদন পেলে তারা বিপুল পরিমাণ টিকা তৈরি করবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর