সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৫ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের পালা।

প্রথমেই জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা শহীদ স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে আসে। একে একে আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, জেলা আইনজীবী সমিতি, সিরাজগঞ্জ প্রেসক্লাব, সিরাজগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এদিকে বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর এই দিনে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ,শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন আয়োজন থাকলেও, করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার সেসব কর্মসূচি বাতিল করেছে জেলা প্রশাসন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর