বিজয়ের মাসে আরেক বিজয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের!

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। অধীর আগ্রহে জাতি অপেক্ষা করছে ৪৯তম বিজয় দিবস উদযাপনের। সাভারবাসীর জন্য মহান বিজয়ের মাসের আনন্দ দ্বিগুন বাড়িয়ে দিয়ে আবারও সারা দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর যৌথভাবে (২০২০ সাল) প্রথম স্থান অর্জন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এখনও ম্লান হয়নি সাভার উপজেলার একমাত্র এই সরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সম্প্রতি ‘ন্যাশনাল হেলথ মিনিষ্টার’স অ্যাওয়ার্ড’ প্রাপ্তির আনন্দ। কিংবা এর আগে (২০১৯ সাল) দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর যৌথভাবে প্রথম হবার আনন্দ, আবারও যৌথভাবে সারা দেশে প্রথম হবার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করলো ডা.মোহাম্মদ সায়েমুল হুদার নেতৃত্বে পরিচালিত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদা জানান, বিজয়ের মাসে আমাদের আরেক বিজয় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবারও যৌথভাবে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। কৃতজ্ঞতা জানাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভারের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি, স্বাস্থ্য বিভাগের সকল উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা স্বাস্থ্য সেবা কমিটির সম্মানিত সভাপতি ডা. মো.এনামুর রহমান স্যারের প্রতি, বিশেষ কৃতজ্ঞতা আমাদের বিভাগীয় পরিচালক, ঢাকা, ডা. মো. বেলাল হোসেন স্যারের প্রতি, আমাদের সিভিল সার্জন ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান স্যারের প্রতি, কৃতজ্ঞতা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব মহোদয়ের প্রতি।

ডা.সায়েমুল হুদা আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাভার উপজেলা প্রশাসন, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, সাংবাদিক, পল্লী চিকিৎসক, ওলামায়ে কেরাম, সুশীল সমাজ ও সাভার উপজেলায় বসবাসরত সকলের প্রতি।

তিনি বলেন, করোনা মোকাবেলায় সাভারবাসীকে সাথে নিয়ে যেভাবে আমরা বিগত দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, ইনশাআল্লাহ করোনার ‘সেকেন্ড ওয়েভ’ ও আমরা মোকাবিলায় সক্ষম হবো। পাশাপাশি সাভারবাসীর অন্যান্য স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষায় সেবা প্রদানেও কোনো ধরণের ব্যত্যয় ঘটবে না বলেও জানান তিনি।

ডা. সায়েমুল হুদা আরও জানান, মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আগামীকাল সাভার উপজেলা পরিষদ চত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ‘ফ্রি মেডিকেল চেক-আপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হবে।

এদিকে, বিজয় দিবস ২০২০ কে সামনে রেখে নতুনভাবে সাজিয়ে দিবসটি উদযাপনে প্রস্তুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নান্দনিক আলোকসজ্জায় মায়াবী কোমল রুপে নিজেকে দৃশ্যমান করেছে এই সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটি।

বার্তাবাজার/এর.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর