ছাদ থেকে পড়ে জিনের বাদশাদের গডফাদারের রহস্যজনক মৃত্যু

নিজের ব্যবসা কেন্দ্রের ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার আলোচিত জিনের বাদশা আজাদ হাওলাদার। সারাদেশের অসংখ্য মানুষের কাছ থেকে জিনের বাদশা সেজে অভিনব উপায়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছিল তার নামে।

সোমবার সকালে উপজেলার কুঞ্জেরহাট এলাকায় নিজের ব্যবসা কেন্দ্রের ছাদ থেকে পড়ে তিনি মারা যান। তবে ছাদের কার্নিশ থেকে তার পড়ে যাওয়া নিয়েও রহস্যের সঞ্চার হয়েছে।

জানা যায়, কুঞ্জেরহাট বাজারে পিতার নামে গড়ে তোলা তিন তলাবিশিষ্ট বজলু হাওলাদার সুপার মার্কেটের মালিকও ছিলেন আজাদ। ওই ভবনের নিচতলায় দোকানপাট, দ্বিতীয়তলায় ব্যাংক, তৃতীয়তলায় নিজ আবাস। ওই ভবনের ছাদের কার্নিশে পা রাখতে গিয়ে সকাল ৯টায় তিনি পড়ে যান।

স্থানীয়রা জানান, গত ২০ বছর ধরেই আজাদ জিনের বাদশা সেজে প্রতারক চক্র গড়ে তোলে। তার ওই বাহিনীর সদস্য রয়েছে কমপক্ষে তিন হাজার। তিনি দুটি বিয়ে করেছিলেন। দুই পরিবারে তার দুই স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বোরহাউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, দুই মাস আগে তার বাড়ির ছাদ থেকে একটি মরদেহ পাওয়া যায়। ওই সময় আজাদ ও তার স্ত্রীকে পুলিশ আটক করেছিল। এছাড়া মাদকসহ জিনের প্রতারণার বেশ কয়েকটি মামলায় তিনি গ্রেফতার ও জেল খাটেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর