বিএনপির রহস্যজনক কর্মসূচী, জানেনা কেন্দ্রের কেউ

হঠাৎ করেই রাজধানীর পুরানা পল্টন এলাকায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে শ্লোগান দেয়া শুরু করলো। তবে শীর্ষস্থানীয় কোনো নেতাই জানেনা এই বিষয়ে। রহস্যজনক এমন কর্মসূচীতে দলের সমর্থনে থাকা এক বুদ্ধিজীবী জড়িত বলে ধারণা করছেন বিএনপির নেতৃবৃন্দ।

আজ (সোমবার) রাজধানির জিরো পয়েন্ট এলাকায় এইসব নেতাকর্মী জড়ো হয়ে সরকার পতনের নানা শ্লোগান দিতে থাকে। তবে পরে পুলিশ এসে তাদেরকে হটিয়ে দেয়।

তবে এই বিক্ষোভে নেতৃস্থানীয় একজনকেই দেখা গেছে। তিনি হলেন দলের ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ। সাথে ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহীম। তারা জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা শেষে এইখানে এসে যুক্ত হন।

তবে এই বিক্ষোভে যোগ দেয়ায় শওকত মাহমুদকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির নিউজবাংলাকে বলেন, ‘আমাদের দলের এই ধরনের কোনো কর্মসূচি ছিল না। কারা জড়ো হয়েছেন, সে বিষয়ে আমরা কিছুই জানি না।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘সংগঠনে বিভ্রান্তি সৃষ্টি ও সংগঠনবিরোধী কার্যকলাপের কারণে শওকত মাহমুদকে শোকজ করা হয়েছে। তাকে ৭২ ঘণ্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর