সিরি’আ লিগে জেনোয়ার বিপক্ষে ফের রোনালদোর পেনাল্টি থেকে জোড়া গোল করে জুভেন্টাসেকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন পর্তুগিজ উইঙ্গার।
প্রথমার্ধটা গোলশূন্য কাটালেও বিরতি থেকে ফিরে পাওলো দিবালা ম্যাচের ৫৭তম মিনিটে জুভদের এগিয়ে দেন। তবে আন্দ্রে পিরলোর দল সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ঘরের মাঠে ৬১তম মিনিটে স্তেফানো স্টুরারোর গোলে সমতায় ফেরে জেনোয়া।
৭৫তম মিনিটে রোবেয়াকে কাটিয়ে জেনোয়ার ডি-বক্সে কুয়াদ্রাদো ঢুকে পড়েন। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডাররা বাধা দেওয়ায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৭৮তম মিনিটে রোনালদো স্পট-কিক থেকে জুভদের এগিয়ে দেন। ইতালিয়ান চ্যাম্পিয়নদের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০তম খেলতে নেমে স্পট-কিকে গোল করতে ভুল করেননি রোনালদো। এ নিয়ে জুভদের হয়ে ১০০তম গোলে অবদান রাখলেন সিআর সেভেন।
৮৯তম মিনিটে তুরিনের বুড়িদের ফের এগিয়ে দেন রোনালদো। এবারও পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ তারকা।
এই জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।
বার্তা বাজার/কে.কে