আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন ।
সোমবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি রাজনীতি করে স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে। জামায়াতে ইসলাম হচ্ছে তাদের জোটের সঙ্গী। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে দলগতভাবে জামায়াতে ইসলাম । শুধু বিরোধিতাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা দলগতভাবে। তারা গঠন করেছে আলবদর বাহিনী, তারা সহযোগিতা করেছে পাকিস্তানি বাহিনীকে। ’
তিনি বলেন, ‘তাদের হাতেই গঠিত হয়েছিল বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা। তারা শুধু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেনি, সহযোগিতা করেছে আমাদের মা-বোনের ইজ্জত লুণ্ঠনেও ।’
তথ্যমন্ত্রী আরোও বলেন, ‘আজকের এদিনে আমি মনে করি, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না, সেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন। এটি আমাদের নিশ্চিত করতে হবে। কারণ অনেক প্রতিষ্ঠান সচেতনভাবে জাতীয় সংগীত গাওয়া হয় না। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বার্তা বাজার/কে.কে