রংপুরে বিআরটিএ অফিসের ঘোরাফেরা করার সময় গেটের সামনে থেকে দালালচক্রের ছয় সদস্যকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে বিআরটিএ অফিসে অভিযান চালায় ডিবি পুলিশ।
রংপুর নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দালাল চক্রের আটককৃত সদস্যরা হলেন- রংপুর নগরীর ৯নং ওয়ার্ডের কাছনা গ্রামের সমশের আলীর ছেলে দেলোয়ার হোসেন (৫০), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কাদাই বাদলা গ্রামের মৃত আবু হানিফ মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩৮), রংপুরের বাহার কাছনা এলাকার জয়নাল আবেদিনের ছেলে আব্দুর রশীদ (৩৩), মেডিকেল পূর্বগেট এলাকার আমজাদ হোসেনের ছেলে আল আমিন (৩১), ১৭নং ওয়ার্ডের কেরানীপাড়া এলাকার মৃত তমিজ উদ্দীনের ছেলে লিটন সরকার ও মেনাজ উদ্দীনের ছেলে রিয়াজুল ইসলাম রাজু (৫০)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নেতৃত্বে এসি (ডিবি) ফারুক আহমেদ ও পুলিশ পরিদর্শক এ বি এম ফিরোজ ওয়াহিদসহ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর আড়াইটার দিকে বিআরটিএ অফিসের মূল প্রবেশপথের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় দালালচক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর