জামালপুরের সরিষাবাড়ীতে জুয়ার আসরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আলম মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।
রবিবার ভোর রাতে পৌর এলাকার কাঠিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া কাঠিয়াবাড়ী গ্রামের তমছের আলীর ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, পৌরসভার কাঠিয়ার বাড়ী গ্রামের নবা আলীর সেচপাম্প ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। গত শনিবার দিনব্যাপি জুয়া খেলে হেরে যায় আলম মিয়া। পরে রাতে টাকার জন্য খেলার স্থানে কাঠিয়ারবাড়ী এলাকার হাসেন মেঠের ছেলে মুক্তা ও ফজলের ছেলে সুমনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
এ ঘটনায় রবিবার ভোর রাতে মুক্তা ও সুমনসহ চারজন মিলে আলম মিয়াকে পাশের ধান ক্ষেতে নিয়ে মারধর করে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় দুপুরে নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে ২ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ পেয়ে রবিবার সকালে পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল করিম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এ.আর