বগুড়ার নন্দীগ্রামে ডাকাতি করার সময় পিস্তলসহ আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।
শনিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বুড়ইল ইউনিয়নের হাটগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আটকৃত আইয়ুব আলী নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে। সে দুর্ধর্ষ ডাকাত ও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে দাবী পুলিশের।
স্থানীয়রা জানান, উপজেলার বুড়ইল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল আফুছাগাড়ি (হাটগাড়ি) গ্রামে কৃষক আব্দুল হাকিমের বাড়িতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ১০-১২ জনের মুখোশ পরা একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রড দিয়ে বেদম মারধর করে ।
একপর্যায়ে ঘরের বাক্স ভেঙে নগদ ৩০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও প্রায় ১ ভরি স্বর্ণালংকার লুট করে । এ সময় প্রতিবেশীরা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে ছুটে গেলে স্বর্ণালংকার ও টাকা নিয়ে দৌড় দেয়। তখন এলাকাবাসী ধাওয়া করে আইয়ুব আলী (৩৫) নামে ডাকাতদলের এক সদস্যকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ওই গ্রামে গিয়ে আহত ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড গুলি, হাসুয়াসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, পিস্তল ও গুলিসহ ডাকাতদলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।
বার্তাবাজার/এ.আর