চমেকে এমআরআই মেশিন নষ্ট: ভোগান্তিতে সাধারণ রোগী

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে স্থাপিত এমআরআই মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ১০ কোটি টাকা মূল্যের হিটাচি ১.৫ টেসলা’ মডেলের জাপানি এনআরআই মেশিনটি ঢাকার মেডিটেল প্রাইভেট লিমিটেড নামে এক প্রতিষ্ঠান সরবরাহ করেছে। এটি স্থাপনের পর গত ২০১৭ সালের ২৫ অক্টোবর থেকে চালু করা হয়। চলতি বছরের ২৮ অক্টোবর হঠাৎ যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এতে বন্ধ হয়ে যায় রোগীদের সেবা কার্যক্রম। গত ২৯ অক্টোবর হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

হাসপাতাল পরিচালক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইলেকট্রো-মেডিক্যাল ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে (নিমিইউ অ্যান্ড টিসি) যোগাযোগ করেন। এমআরআই মেশিনটির গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় মেরামত করতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, যা ‘নিমিইউ অ্যান্ড টিসি’ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অসম্ভব। তাই স্বাস্থ্য অধিদফতরের সিদ্ধান্তের অপেক্ষায় আছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, মেশিনটি অত্যন্ত ব্যয়বহুল ও এর যন্ত্রাংশও দামী। মেশিনটি মেরামতের জন্য ১০ লাখ টাকার মত প্রয়োজন। তাই মেশিন মেরামতের বিষয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছি। তারা একবার দেখে গেছেন। ‘নিমিইউ অ্যান্ড টিসি’ থেকে অর্থ সহায়তা পেলে মেশিনটি মেরামত করে পুনরায় রোগীদের সেবায় ব্যবহার করা হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই মেশিনটি নষ্ট হওয়ার পর থেকে সাধারণ রোগীরা অনেক কষ্ট ও ভোগান্তিতে রয়েছেন। বাড়তি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে এমআরআই টেস্ট করছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর