স্মার্টফোন কিনতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে শিক্ষা ঋণ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০৪৭ শিক্ষার্থী। করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম সচল রাখতে অসচ্ছল শিক্ষার্থীদের এ সুদবিহীন শিক্ষা ঋণ দেয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যায়নকালীন সময়ে ৪টি সমান কিস্তিতে বা এককালীন শিক্ষার্থীরা এ ঋণ পরিশোধ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ড. মোঃ নওয়াব আলী খান সূত্রে এ তথ্য জানা যায়।
আরো জানা যায়, অসচ্ছল শিক্ষার্থীকে সফটলোনের আওতায় স্মার্টফোন কিনতে জনপ্রতি সর্বোচ্চ আট হাজার টাকা ঋণ দেয়া হবে। ঋণের অর্থ পেতে তালিকাভুক্ত শিক্ষার্থীদের ‘সফটলোন অনুমোদন কমিটির’ কাছে আবেদন করতে হবে। কমিটির সুপারিশের আলোকে শিক্ষার্থীকে ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ জানুয়ারি ২০২১-এর মধ্যে বরাদ্দ দেয়ার নির্দেশনা দিয়েছে ইউজিসি।
এছাড়া স্মার্ট ফোন ক্রয়ের ভাউচারটি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ১০ ফেব্রুয়ারী ২০২১ এর মধ্যে সফটলোন অনুমোদন কমিটির সদস্য সচিবের নিকট জমা দিতে হবে। নীতিমালা অনুযায়ী, ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক বা মূল সনদ ইস্যু করা হবে না বলে জানা গেছে।
বার্তাবাজার/এ.আর