মাদকদ্রব্য ও অস্ত্রসহ ৩ মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের জামিন শুনানি আজ রবিবার। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ শুনানি হবে।
গত ১০ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত এ দিন ধার্য করেন। এদিন ৯ দিনের রিমান্ড শেষে আসামি গোল্ডেন মনিরকে আদালতে হাজির করা হয়। সে সময় মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। আদালতে গোল্ডেন মনিরের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। পরে আদালত জামিন শুনানির জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করেন। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে গত ৩ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে দুই মামলার রিমান্ড একইসঙ্গে চলবে বলে জানান বিচারক।
এছাড়া ঢাকা মহানগর মো. মামুনুর রশিদের আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।