পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করেছে র্যাব। এই চার্জশিটে সব প্রকার যাচাই-বাছাই সম্পন্ন হওয়ায় রোববার (১৩ ডিসেম্বর) কক্সবাজার আদালতে জমা দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এএসপি (র্যাব) খায়রুল আলম।
৪ মাসের বেশি সময় আলোচিত মামলাটির তদন্ত কাজ শেষে হয়েছে। হত্যার ঘটনায় তদন্ত নেমে র্যাব এখন পর্যন্ত ১৫ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে। যার মধ্যে ১৪ জন র্যাবের হাতে গ্রেফতারের পর বর্তমানে জেলহাজতে রয়েছেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন পুলিশ সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের ৩ জন এবং স্থানীয় ৩ জনসহ মোট ১৪ জনকে অভিযুক্তের পর গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান।