‘মাতব্বরি’ করতে গিয়ে আ’লীগ নেতা গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে দুই পক্ষের বিবাদ মীমাংসা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। শনিবার সন্ধ্যায় উপজেলার বাবুনগর গ্রামের গফুর মেম্বারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নেতার নাম বাহার উদ্দিন। তিনি শরীফপুর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, বাবুনগর গ্রামের রহমত উল্লার ছেলে শহীদ ও মিন্টুর ছেলে বিএনপি কর্মী নাঈমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল যুবলীগ কর্মী হৃদয় ও ফয়সালের। শনিবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে আবারও উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

তখন আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফয়সাল ও হৃদয়কে বাধা দেওয়ার চেষ্টা করে। একইসাথে স্থানীয়দের নিয়ে বসে বিষয়টা মিটমাট করবে বলে আশ্বাসও দেয়। তখন ক্ষিপ্ত হয়ে হৃদয় পিস্তল বের করে বাহার উদ্দিনের পায়ে গুলি করে। রক্তাক্ত অবস্থায় বাহার উদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর