ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের স্নাতক শেষ বর্ষ ও স্নাতোকোত্তর পরীক্ষা নেওয়ার আগে সবার আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ। আজ (শনিবার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এই দাবি জানায়।
সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সাক্ষরিতে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের আবাসিক সুবিধা নিশ্চিত না করেই স্নাতক সমাপনী বর্ষ ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। সেশনজট নিরসন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জরুরি।
কিন্তু শিক্ষার্থীদের জন্য হলে থাকার ব্যবস্থা নিশ্চিত না করে এ ধরনের সিদ্ধান্তগ্রহণ একপাক্ষিক, শিক্ষার্থীদের স্বার্থের বিপ্রতীপ, বিদ্যমান বাস্তবতায় অনুপযুক্ত সমাধান এবং কোনো অবস্থাতেই অভিভাবকসুলভ নয়। বিশেষ করে নারী শিক্ষার্থী ও নিম্নবিত্ত পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের জন্য এটি স্পষ্টতই অনভিপ্রেত এবং করোনাকালীন বাস্তবতায় আর্থিক সক্ষমতার বাইরে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই প্রস্তাবনায় শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়নি, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত হয়নি এবং হলে থাকার জন্য শিক্ষার্থীদের অধিকারের সুরক্ষা দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের এই সংকট-প্রতিবন্ধকতা থেকে উত্তরণের জন্য শিক্ষা-শান্তি-প্রগতির ঐতিহ্যিক ধারায় দায়বদ্ধ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নেয়।
বার্তাবাজার/এসজে