খুলনার ডুমুরিয়ায় গ্যারেজের ভেতরে বাস প্রবেশ করে দুই ভাইকে চাপা দিয়েছে। এতে মারা গেছেন সাব্বির হোসেন (১৫) ও রাকিবুল হাসান (৫) নামে দুই ভাই। আজ (শনিবার) বিকালে উপজেলার চুকনগর এলাকায় যশোর সড়কের শুকুর আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মা ও ছোট ভাই রাকিবুলকে নিয়ে বিকালে ভ্যানে করে চুকনগর বাজারে আসে সাব্বির। ভ্যানটি নষ্ট হয়ে যাওয়ায় সেটা মেরামতের জন্য তারা সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যায়। তখন চুকনগরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই রাকিবুল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।
বার্তাবাজার/এসজে