চট্টগ্রামের কর্ণফুলীর শাহ্ আমানত সেতু এলাকা থেকে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবাসহ রুবেল মিয়া (২২) ও ইউনুস মিয়া (২২) নামের নোয়াখালীর দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যেরটেকে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তাদের তল্লাশি করা হয় এবং এসব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত এসব ইয়াবা পরিবহনে ব্যবহৃত (ঢাকা মেট্রো-ট ২২-৬৯২৯) একটি কাভার্ডভ্যানও জব্দ করেছে র্যাবের অভিযান পরিচালনাকারী টিম।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, কাভার্ডভ্যানে ১ কোটি ৯০ লাখ
টাকার এসব ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। দুই মাদক বিক্রেতাকে কর্ণফুলী থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দিয়েছে র্যাব। তাদের জেল
হাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে