বগুড়ার শিবগঞ্জে জাতীয় পার্টির অফিসে হামলা, অফিস ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়ন জাপা অফিসে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা ও সাধারণ সম্পাদক এরফান আলী বলেন, ১০০ বছরের জন্য ইউনিয়নের মোকামতলা উচ্চ বিদ্যালয়ের পূর্বের কমিটি থেকে ৩শতক জায়গা জাতীয় পার্টির অফিসের জন্য লিজ নেওয়া হয়েছে। যার কাগজপত্র আমাদের নামে রয়েছে। কিন্তু হঠাৎ করে বর্তমান প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম শিক্ষক ও শিক্ষার্থীদের উস্কানি দিয়ে হামলা চালিয়ে অফিস ভাংচুর লুটতরাজ করে অনুমান ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
তিনি আরও বলেন, শুধু তাই নয় হামলাকারীরা লুটতরাজ করার সময় কালো টেপ দ্বারা মোড়ানো কৌটা ১০/১২টি ককটেল জাতীয় বস্তু ফেলে রেখে যায়। হামলাকারীরা মারমুখী আচরণ করায় দলীয় নেতাকর্মীরা প্রাণের ভয়ে ছুটাছুটি করে।
এব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, জায়গাটি বিদ্যালয়ের। জাতীয়পার্টির কার্যালয়ে জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট থেকে লিজ নেওয়ার কোন কাগজপত্র নেই।
হামলা ও লুটপাটের সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
সন্ধ্যা ৫ টার দিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে হামলার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে ঘটনাস্থল থেকে কালো টেপ দ্বারা মোড়ানো ১০/১২টি ককটেল জাতীয় বস্তু উদ্ধার করা হলেও পরীক্ষা করে দেখা গেছে সেগুলো ককটেল নয়।
বার্তাবাজার/এসজে