“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” স্লোগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪ (ক) তে বর্ণিত জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনকে সমুন্নত রাখা ও জাতির পিতার সম্মানকে যেকোন উপায়ে অম্লান রাখার দৃঢ় প্রত্যয়ে দিনাজপুর জেলার সরকারি কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য নিবেদিত প্রাণ। তিনি না থাকলে হয়ত এই বাংলাদেশ স্বাধীনতার আলো দেখতে পেত না। জাতির পিতার প্রতি আমাদের সবার সম্মান থাকা জরুরি। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি তারা জাতির পিতার সম্মানকে অম্লান রাখতে কাজ করে যাচ্ছি।”
সমাবেশে জেলা বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থেকে জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখার বিষয়ে একাত্মতা ঘোষণা করেন।
কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পরিচালক নির্মল চন্দ্র পাল, রংপুর বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর আব্দুল আহাদ আলী, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া।এছাড়াও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।