কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মাথা ফাটিয়ে দিয়েছেন ভূরুঙ্গামারী সদর ইউপি চেয়ারম্যান। শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারী বাজারে এই ঘটনা ঘটে।
জানাগেছে, ভূরুঙ্গামারী বাজারে ডিস সংযোগ মেরামত কালে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের ফিডার মালিক মজনু ও আব্দুল কাদেরকে মারধর করেন ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন।
এই খবর শুনে এসএম ডিজিটাল ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও প্রেস ক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু ঘটনাস্থলে গেলে সদর ইউপি চেয়ারম্যান অতর্কিতে তার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার মাথার ফেটে যায়। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী, হাসপাতালের স্টাফ, মসজিদের সম্পাদক ও মুয়াজ্জিন সহ হাট-বাজারের প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এছাড়া প্রায় এক মাস যাবত ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম না করায় সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার উপজেলার মাসিক সমন্বয় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অভিযোগ করেন ইউপি চেয়ারম্যানের নিস্ক্রিয়তার কারণে সরকারি কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা সদর চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী জানান, ইউনিয়ন পরিষদের এক নম্বর প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান ইউনিয়নটির
অসমাপ্ত কার্যক্রম পরিচালনা করবেন মর্মে মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে।
চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন ক্যান্সার আক্রান্ত বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ তিনি বেশকিছু দিন যাবত মানসিক রোগীর মত আচরণ করছেন।
বার্তাবাজার/এসজে