গাজীপুরে গ্যারেজের মালিককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুর ভাংনাহাটি নতুনবাজার এলাকায় গিয়াস উদ্দিন(৫০) নামের এক অটোরিক্সার গ্যারেজ মালিককে ঘুমন্ত অবস্থায় দুবৃর্ত্তরা কুপিয়ে হত্যা করেছে।

নিহত গিয়াস উদ্দিন পৌর এলাকার ভাংনাহাটি নতুন বাজার এলাকার মৃত হাজী আব্দুল মালেকের ছেলে।

গিয়াস উদ্দিনের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ওই এলাকায় নিজের গ্যারেজে নতুন ব্যাটারী চালিত অটোরিকশা নির্মাণ এবং এর বৈদ্যুতিক চার্জের কাজ করতেন গিয়াস উদ্দিন। রাতে সে ওই গ্যারেজে একাই ঘুমাতেন।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে চালকরা চার্জ দেয়া অটোরিকশা আনতে ওই গ্যারেজে যান। এসময় গ্যারেজে গেট খোলা পেয়ে চালকরা ভেতরে যান এবং গিয়াস উদ্দিনের শরীরের উপরের অংশ কম্বল দিয়ে ঢাকা দেখতে পেয়ে ডাকাডাকি করেন। গিয়াস উদ্দিনের কোনো সাড়াশব্দ না পেয়ে চালকরা তার বাড়ির লোকজনকে খবর দেন। পরে বাড়ির লোকজন এসে গিয়াস উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম, পুলিশের ক্রাইমসিন ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও র‍্যাব।

পুলিশের ক্রাইমসিন ইউনিটের পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, নিহত গিয়াস উদ্দিনের মাথায় ভোঁতা ও ধারালো অস্ত্রের তিনটি আঘাতে চিহ্ন রয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক হত্যাকারী যুক্ত থাকতে পারে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত ব্যক্তির একটি রক্ত মাখা ফুলহাতা শার্ট। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর