ফাহিমের জন্মদিনে ওকে নিয়ে কত বিচিত্র কাহিনিই আজ মনে পড়ছে

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা প্রয়াত ফাহিম সালেহর জন্মদিন আজ শনিবার (১২ ডিসেম্বর)। ১৯৮৬ সালে সৌদি আরবের দাহরান শহরে জন্ম নেন তিনি। তার বাবা সালেহ উদ্দিন চট্টগ্রামের, আর মা নোয়াখালীর মানুষ। বাবা সালেহ উদ্দিন আহমদর চাকরির সুবাদে ফাহিমের ছোটবেলার প্রথম ৪ বছর সৌদি আরবেই কাটে। তিনি তখন কিং ফাহদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামে কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক ছিলেন।

ছেলের জন্মদিনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ফাহিমের বাবা সালেহ উদ্দিন বলেন, ফাহিমের জন্মদিনে ওকে নিয়ে কত বিচিত্র কাহিনিই আজ মনে পড়ছে। আমার ফাহিম আমাদের থেকে হারিয়ে গেছে। কিন্তু এসব কাহিনি তো হারানোর নয়! তিনি বলেন, প্রতিবছর ফাহিমের জন্মদিনটা ঘটা করে করতে হতো। আর অবশ্যই নতুন খেলনা চাই জন্মদিনে। ছোটবেলায় ছোটদের খেলনা। ফাহিম বড় হওয়ার পরও জন্মদিনের গিফটের জন্য খেলনা বাছাই করতে হতো। অবশ্যই অভিনব কোনো গ্যাজেট কিংবা নতুন আইডিয়ার মজার কোনো খেলনা। বেশ সময় করে ইন্টারনেট ঘেঁটে ফাহিমের বার্থ ডে গিফট জোগাড় করতে হতো।

৩০তম জন্মদিনে ফাহিমের গিফট নির্বাচনে একটা বড় ব্যতিক্রম হলো। এবার কোনো খেলনা বা গ্যাজেট নয়। এবার কাজের কিছু চাই। আমার জন্য নতুন চ্যালেঞ্জ! সেই উপহার পেয়ে ফাহিম এক লাইনের একটা উত্তর দিল: ড্যাড, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জীবনের সবচেয়ে সেরা জন্মদিনের গিফট!

আজ ফাহিমের ৩৪তম জন্মদিনে কাকে জানাব জন্মদিনের শুভেচ্ছা? কাকে গিফট পাঠাব? কাকে জাড়িয়ে ধরবো? কাকে সঙ্গে নিয়ে ম্যানহাটনে গিয়ে ডিনার করবো? কোনো প্রশ্নেরই কোনো উত্তর নেই। আমি শুধু চোখ দুটো শূন্যে মেলে চেয়ে থাকি।

২০১৪ সালে নিউইয়র্ক থেকে ঢাকায় গিয়ে পাঠাও চালু করে নতুন প্রজন্মের উদ্যোক্তা হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। ফাহিম নাইজেরিয়া ও কলম্বিয়ায় এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক। ইন্দোনেশিয়াসহ আরও কয়েকটি দেশেও তিনি ব্যবসা বিস্তৃত করেছিলেন।

উল্লেখ, গত মঙ্গলবার (১৪ জুলাই) নিউইয়র্কে নিজ ফ্ল্যাটে খুন হন তিনি। পুলিশ তার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার করে।

বার্তাবাজার/প্রিতম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর